Print

সারাদিন

পারল না বাংলাদেশ, সহজ জয়ে সিরিজ ড্র করলো নিউজিল্যান্ড

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ২, ২০২৬

সারাদিন ডেস্ক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় হাতছাড়া করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ৬ উইকেটের সহজ জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে।

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে আসে মাত্র ২১ রান। ১১ বলে ১৬ রান করা সাইফ হাসান আউট হলে ভাঙে এই জুটি। ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিমও। পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফিরে গেলে চাপ বাড়ে স্বাগতিকদের ওপর।

এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকে প্রায় দুই ঘণ্টা। খেলা শুরু হলে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ও শামীম পাটোয়ারী দ্রুত সাজঘরে ফেরেন। তাওহিদ হৃদয় ২৪ বলে ৩৩ রান করে আউট হলে ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। শেষ ২৫ বলে মাত্র ২৬ রান তুলতেই ৬ উইকেট হারায় টাইগাররা। নির্ধারিত লক্ষ্য দাঁড়ায় ১০৩ রান।

জবাবে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ১২ রানেই ২ উইকেট তুলে নেয় বোলাররা। এরপর ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন বেভন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংসে দলকে সহজ জয়ের পথে নিয়ে যান তিনি। ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাকক্যাপরা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন ৩টি উইকেট।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে হেরে সিরিজ ড্র করতে হয় টাইগারদের।

Nagad
Nagad