Print

সারাদিন

সিলেটে কর্মব্যস্ত দিন শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০:০৪ অপরাহন, মে ২, ২০২৬

সারাদিন ডেস্ক

সিলেটে দিনভর নানা কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী সকালেই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সিলেটের উদ্দেশে রওনা দেন এবং সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা স্বাগত জানান। সিলেট সফরে দিনব্যাপী একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি। দুপুরে সিলেটের কাশিপুর এলাকায় বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করে তাকে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে অভ্যর্থনা জানায়।

এরপর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। লাল বোতাম চেপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে তিনি এই জাতীয় ক্রীড়া কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ খেলোয়াড়দের উপস্থিতি দেখা যায়।

দিনের শেষ অংশে সিলেট শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক কর্মীসভায় অংশ নেন তিনি। সেখানে তিনি সংগঠনকে আরও সুসংগঠিত করা, উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বলে জানা যায়।

পুরো সফরে প্রধানমন্ত্রীকে ঘিরে সিলেটে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় প্রশাসন জানায়, দিনভর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Nagad
Nagad

সব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।