Print

সারাদিন

জুনের মধ্যে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ না হলে ১৩১ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা: বিএসইসি

প্রকাশিত: ৯:১৬ অপরাহন, মে ৩, ২০২৬

সারাদিন ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় আগামী ৩০ জুনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩ মে ২০২৬) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ২৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ কোম্পানিগুলোর সচিবদের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট গভর্নেন্স কোড-২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এ জন্য ব্যবসায়ী, করপোরেট লিডার, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্ত বা কর্মরত) এবং আইনজীবীদের মধ্য থেকে যোগ্য নারীদের নিয়োগ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে সংশোধিত করপোরেট গভর্নেন্স কোড অনুযায়ী একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয়। প্রথমে এক বছরের সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করেছে। তবে এখনও ১৩১টি কোম্পানি এ শর্ত পূরণ করতে পারেনি।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে করপোরেট সুশাসন জোরদার এবং পরিচালনা পর্ষদে লিঙ্গ বৈচিত্র্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Nagad
Nagad