Print

সারাদিন

পুলিশের শার্ট অপরিবর্তিত, প্যান্টের রঙ খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৬ অপরাহন, মে ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের পুলিশ বাহিনীর ইউনিফর্মে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের শার্ট বহাল রেখে প্যান্ট বা পায়জামার রঙ খাকি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে এবং সারাদেশে সন্তুষ্টি নেই। পোশাকটি সবার কাছে গ্রহণযোগ্য হয়নি এবং ব্যবহারিক দিক থেকেও মানানসই নয়-এমন মতামত পাওয়া গেছে। তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি বিবেচনা করেছি। ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য একটি পোশাক নির্ধারণের চেষ্টা করেছি। ওপরের অংশ অর্থাৎ শার্ট আগের মতোই রাখা হয়েছে, তবে প্যান্ট বা পায়জামা খাকি রঙের করা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ পোশাক প্রস্তুত, কাপড় উৎপাদন এবং সরবরাহের বিষয় রয়েছে।

তিনি বলেন, ‘এটি এখনো আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন শুরু হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ তা জানানো হলো।’

Nagad
Nagad