Print

সারাদিন

পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন করছে বিজেপি

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্, মে ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। এর মাধ্যমে রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি।

গত ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় স্পষ্ট হয়ে ওঠে ফলাফলের চিত্র। এবারের নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ আসন ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ১৫৬টি আসনে জয় পেয়েছে বিজেপি এবং মোট ২০৮টি আসনে এগিয়ে ছিল দলটি।

এদিকে নির্বাচনের ফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিজেপি একশরও বেশি আসন ‘লুট’ করেছে। এছাড়া গণনাকেন্দ্রে তাকে ধাক্কা দেওয়া ও হেনস্তার অভিযোগও করেন তিনি। পরে তিনি কলকাতার কালিঘাটের বাসভবনে ফিরে যান।

অন্যদিকে নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এবারের ভোটের মাধ্যমে বাংলায় পরিবর্তন এসেছে। “বাংলা ভয় থেকে মুক্ত হয়েছে এবং এখন আত্মবিশ্বাস ও উন্নয়নের পথে এগোচ্ছে,” বলেন তিনি।

মোদি আরও বলেন, “বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। বাংলার এই পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে।”

Nagad
Nagad

এছাড়া তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নারীরা তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও ডিএমকে-র বিরুদ্ধে ভোট দিয়ে তাদের ‘শাস্তি’ দিয়েছেন। সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি