Print

সারাদিন

ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১২:২৭ অপরাহন, মে ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’-এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ বক্তব্যে দুই দেশের চলমান যুদ্ধবিরতি নতুন করে সংকটের মুখে পড়েছে।

সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অপরদিকে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে অনেক বেশি এবং উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সরঞ্জাম আছে। বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ আছে। প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করব।’

অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির উদ্ধৃতিতে এক সামরিক সূত্র জানিয়েছে, ইরানের একাধিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি ‘মিথ্যা’।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Nagad
Nagad

সূত্র: আল-জাজিরা