প্রকাশিত: ৮:০৪ অপরাহন, মে ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে দীর্ঘ ১৫ বছর পর বিজেপি ক্ষমতায় এলেও এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সম্মেলনের পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক অধিবেশনে অংশ নেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ভারতের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সবসময় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রথম’-এই নীতির ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক কাঠামোয় কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে আলোচনার মাধ্যমে এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি সবসময় স্থিতিশীল থাকবে। কোনো একক দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশের নীতি পরিবর্তন হয় না।’
জেলা প্রশাসক সম্মেলনে পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসকরা চাইলে যে কোনো সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি আরও জানান, কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ভবিষ্যতে এই যোগাযোগ আরও বাড়ানো হবে, যাতে পররাষ্ট্র সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হয়।