প্রকাশিত: ৬:০৭ অপরাহন, মে ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
আসন্ন কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কুরবানির পশু আনা-নেওয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি কম হয় এবং যানজট না সৃষ্টি হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মীর শাহে আলম বলেন, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহায়তা করবে।
তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। ইজারাদার ও প্রশাসনের সমন্বয়ে হাট ব্যবস্থাপনা পরিচালিত হবে। হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।