Print

সারাদিন

পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আঞ্জুমান আরা লিমা

প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্, মে ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

পারিবারিক কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন আঞ্জুমান আরা লিমা।

বুধবার (১৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ২৪ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান তিনি। আগামী বৃহস্পতিবার (১৪ মে) থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলেও জানান।

পদত্যাগপত্রে আঞ্জুমান আরা লিমা বলেন, এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা তার জন্য সম্মান ও সৌভাগ্যের বিষয় ছিল। বিচার প্রশাসনে অবদান রাখা এবং রাষ্ট্রের সেবা করার সুযোগ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে ক্রমবর্ধমান পারিবারিক দায়বদ্ধতা ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে এ পদে প্রয়োজনীয় সময় ও ধারাবাহিকতা বজায় রাখা তার জন্য কঠিন হয়ে পড়েছে। গভীর বিবেচনার পর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

পদত্যাগপত্রে তিনি আরও বলেন, কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত সম্পর্ক সবসময় তার কাছে মূল্যবান হয়ে থাকবে। একইসঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানান তিনি।

Nagad
Nagad