প্রকাশিত: ১১:৩২ অপরাহন, মে ১৬, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশে নরমাল ডেলিভারি নিশ্চিত করতে নতুন ওষুধ আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (১৬ মে) নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, লেবার পেইনকে বিলম্বিত করে নরমাল ডেলিভারি সহজ করতে দেশে নতুন ওষুধ আনা হয়েছে। পাশাপাশি এ কার্যক্রম আরও শক্তিশালী করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৮ বছরের মধ্যে দেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেবো, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটা জিনিস আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে আপনারা পাবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে ৩০ হাজার টাকা জমা নেবেন। জামাইয়ের কাছে আপনাদের ঘুরতে হবে না বলেছিলাম। জামাইরা ঘুরে হাত পাতবে টাকা দাও, টাকা দাও- এটা বাস্তবায়িত হতে যাচ্ছে।