Print

সারাদিন

আবিরার চিঠিতে সাড়া, বগায় সেতু নির্মাণের আশ্বাস মন্ত্রীর

প্রকাশিত: ৯:২০ অপরাহন, মে ১৯, ২০২৬

সারাদিন ডেস্ক

পটুয়াখালীর দুমকি ও বাউফল উপজেলাকে সংযুক্ত করতে লোহালিয়া নদীর বগা এলাকায় সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের এই দাবি এবার পৌঁছায় সরাসরি সরকারের শীর্ষ পর্যায়ে, ছোট্ট শিক্ষার্থী আবিরার লেখা চিঠির মাধ্যমে।

বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে এলাকায় সেতু নির্মাণের অনুরোধ জানায়। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই বিষয়টি গুরুত্ব পায় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লোহালিয়া নদীর বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি সেতু নির্মাণের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি এলাকা পরিদর্শনে এসেছেন এবং ছোট্ট আবিরার চিঠিকে গুরুত্ব দিয়ে বিষয়টি দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হলে দুমকি ও বাউফল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

Nagad
Nagad

এ সময় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।