Print

সারাদিন

ফারাক্কা ব্যারাজ পরিদর্শনে পশ্চিমবঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

প্রকাশিত: ১১:৫৬ অপরাহন, মে ২০, ২০২৬

সারাদিন ডেস্ক

কলকাতায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক। তিন দিনব্যাপী এ বৈঠকে অংশ নিতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গে পৌঁছেছে।

বুধবার (২০ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে এই বৈঠক। ছয় সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল বৈঠকের পাশাপাশি ফারাক্কা ব্যারাজে যৌথ প্রবাহ পরিমাপ কেন্দ্রও পরিদর্শন করবে।

চলতি বছরের ডিসেম্বরে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ায় এবারের বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে চুক্তি নবায়ন ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির। এছাড়া নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তা আমন্ত্রিত সদস্য হিসেবে দলে রয়েছেন।

এর আগে গত বছরের মার্চে পশ্চিমবঙ্গে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তখন ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, এটি নিয়মিত বৈঠক হলেও গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন করা হয়। চলতি বছরের ডিসেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

Nagad
Nagad