প্রকাশিত: ৯:২৯ অপরাহন, জানুয়রী ৫, ২০২৬
সারাদিন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত লেখাকে কেন্দ্র করে ঝালকাঠিতে নতুন করে আলোচনায় এসেছে ধর্ম অবমাননার অভিযোগ। ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য প্রকাশের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত।
গত ৪ জানুয়ারি রাজাপুর থানার অধীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন কবির মামলাটি আমলে নেন। মামলার বাদী নজীর আহম্মদ অভিযোগ করেন, “এথিস্ট ইন বাংলাদেশ” নামের একটি ওয়েবসাইটে ধারাবাহিকভাবে ইসলাম ধর্মকে লক্ষ্য করে বিদ্রুপাত্মক ও আক্রমণাত্মক লেখা প্রকাশ করা হয়েছে।
আদালত সূত্র বলছে, মামলাটি ফৌজদারী দণ্ডবিধির ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় গ্রহণ করা হয়েছে। আদালত একই সঙ্গে রাজাপুর থানার গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ৫ মার্চ ২০২৬ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
মামলার শুনানিকালে আদালত পর্যবেক্ষণ করেন, অভিযুক্তদের প্রকাশিত বক্তব্য সমাজে উত্তেজনা, জনরোষ এবং ধর্মীয় সম্প্রীতির অবনতি ঘটাতে পারে। এ ধরনের বিষয়কে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করা হয়।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, মোঃ জাকির হোসাইন, মোঃ মিজানুর রাহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, রুমানা পারভীন, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মোশাররফ হোসাইন ও আব্দুল্লাহ আল হোসাইনসহ আরও কয়েকজন।
রাজাপুর থানার সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, অভিযোগে উল্লেখিত “এথিস্ট ইন বাংলাদেশ” ওয়েবসাইটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।