Print

সারাদিন

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহন, মে ২৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার।

আজ বুধবার (২৮ মে) আদ-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, আগামী তিনদিনের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রভাত চন্দ্র বিশ্বাস আরও বলেন, আজ ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এটি হচ্ছে সেই ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসারত শিশুদের মধ্য থেকে আমরা ৬ নবজাতক শিশুকে হারিয়েছি।

তিনি বলেন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রশাসন, হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি সরজমিন পরিদর্শন করে জানতে পারি এখানে ১১ জন মা ছিলেন। তার মধ্যে ৬ জন মা তাদের শিশু সন্তানসহ ছিলেন। যাদের বয়স একদিন থেকে তিন দিনের ভেতরে ছিল। আর বাকি পাঁচজন এনআইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু আজ ভোরে এই রুমটিতে এসি জটিলতা অথবা যেকোনো কারণেই হোক ওখানের যে পরিবেশ, একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি। ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে, এসিটি বন্ধ করলে ওখানে আর ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমরা এরই মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা, এই মৃত্যুর কারণ কী–সঠিকভাবে নির্ণয় করার জন্য একটি উচ্চপদস্থ ইনকয়ারি কমিটি আমরা গঠন করেছি এবং এটি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসপাতাল পর্যায়ে, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইং-এর উপপরিচালক পদমর্যাদায় একজন এবং আরও একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে করা হয়েছে। কমিটি আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

Nagad
Nagad

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, এই ব্যাপারে যদি কারো কোনো গাফিলতি এবং সেটা সেবার ক্ষেত্রে যে ওয়ার্ড যে ব্যবস্থাপনা ছিলো, সে ব্যবস্থাপনার সঙ্গে যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে সেটির জন্য স্তর বেঁধে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।