Print

সারাদিন

শিক্ষকদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১১:৫১ অপরাহন, মে ৩০, ২০২৬

সারাদিন ডেস্ক

শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের দিকেও শিক্ষকদের বিশেষভাবে নজর দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন।

শনিবার (৩০ মে) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা যদি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে গড়ে তোলেন, তাহলে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হবে না।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। পাশাপাশি অভিভাবকরাও অনেক ত্যাগ স্বীকার করছেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু পরিবার নয়, পুরো জাতির জন্যই দুঃখজনক।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগী, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষকই একটি প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে পারেন।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হক।

Nagad
Nagad

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি বিভাগের উপসচিব মো. মাহবুব আলম। আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।