Print

সারাদিন

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৫৮৮

প্রকাশিত: ৭:০৩ অপরাহন, জুন ১, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও সন্দেহজনক হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গে মারা গেছে ৪৯৮ জন।

এ সময়ে মোট ৯ হাজার ৯৪ জন রোগী নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ৫৭ হাজার ৯০২ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৫৩ হাজার ৭২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Nagad
Nagad

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।