প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরেন। প্রায় এক বছর কারাবাসের পর মুক্ত হয়ে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, তার বিরুদ্ধে দায়ের হওয়া ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় মুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না। প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর রাত ১০টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
২০২৫ সালের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী। পরবর্তীতে বিভিন্ন সময়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্ট ও আপিল বিভাগের আদেশে সব মামলায় জামিন নিশ্চিত হয়।
মুক্তির পর আইভী বলেন, “সরকারের প্রতি ধন্যবাদ জানাই। আমি চাই সবাইকে নিয়ে একটি মানবিক সরকার গড়ে উঠুক। আমার মতো আরও অনেক নিরপরাধ মানুষ রয়েছেন, তাদের প্রতিও সদয় হওয়ার আহ্বান জানাই।”
এদিকে তার আইনজীবী জানিয়েছেন, আইভী আইনি লড়াই চালিয়ে যাবেন এবং আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন নিয়ে আবারও নগরবাসীর সেবায় কাজ করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আইভীর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হয়ে তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।