Print

সারাদিন

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলার রায় আগামী ৭ জুন ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৪ জুন) যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামির স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, ঘটনার সময় আসামি সুস্থ মস্তিষ্কে ছিলেন এবং পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান।

মামলার প্রধান আসামি ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ধর্ষণ, হত্যা ও সহায়তার। রাষ্ট্রপক্ষ জানায়, সাক্ষীদের জবানবন্দি ও ফরেনসিক প্রমাণে ঘটনার সত্যতা মিলেছে।

এর আগে যুক্তিতর্ক চলাকালে আদালত কক্ষে আসামিদের আচরণ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে আদালত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যুক্তিতর্ক পুনরায় শুরু হয়। গত ২৪ মে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দাখিল করে, যা আদালত গ্রহণ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করে। অভিযোগপত্রে ১৫ জনকে সাক্ষী করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে।

Nagad
Nagad