প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি-এই দুই দায়িত্ব একসঙ্গে পালন করতে কোনো সমস্যা দেখছেন না তিনি।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফেরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাকে শুভেচ্ছা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে একই সময়ে দুই দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে এই দায়িত্ব পালন আরও সহজ হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব তখন ইন্টারনেট-পূর্ব যুগে দুই দায়িত্বই পালন করেছেন। এখন প্রযুক্তির সুবিধার কারণে একই সঙ্গে দুটি কাজ করা সম্ভব।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে দেশের মানুষের বিজয় হিসেবে উল্লেখ করে তিনি এই অর্জন বাংলাদেশের জনগণের প্রতি উৎসর্গ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ২ জুন নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। এ নির্বাচনে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র অংশ নেয়। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকৌরিস। তিনি পান ৯১ ভোট।
ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়া বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি বড় স্বীকৃতি। তিনি দায়িত্ব পালনে সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।