Print

সারাদিন

দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাসটির চালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ‘এসবি সুপার ডিলাক্স’ নামের বাসটি মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশে রওনা হয়েছিল। দৌলতদিয়া ঘাটে পৌঁছে ফেরিতে ওঠার প্রস্তুতির সময় যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। দ্রুত নদীতে তলিয়ে যাওয়া বাসটির অবস্থান শনাক্ত করা হয়।

উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি নদী থেকে তুলে আনার কাজ শুরু করেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল বাসের ভেতরে কেউ আটকা পড়েছে কি না তা নিশ্চিত করতে তল্লাশি চালাচ্ছে।

Nagad
Nagad

প্রাথমিকভাবে কোনো যাত্রী নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।