Print

সারাদিন

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন।

শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পৃথক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে রংপুর ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ জনকে এবং পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুশইনের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তেও ১২ জনের একটি দলকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা তাদের অবস্থান শনাক্ত করে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা দেয়। পরে বিজিবির কড়া অবস্থানের কারণে তারাও সীমান্ত অতিক্রম করতে পারেনি।

বিজিবি জানিয়েছে, অনুপ্রবেশে ব্যর্থ হওয়া ৩৩ জন বর্তমানে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে অবস্থান করছে। তারা বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

Nagad
Nagad

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।