Print

সারাদিন

১১ জুন নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

সারাদিন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেটকে ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

সরকার আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়নের পরিকল্পনা করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ আংশিক বাস্তবায়নের কারণে বাজেটের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি আসন্ন বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। তবে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল, যা পরে সংশোধিত হয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে। ওই বাজেটে উন্নয়ন ব্যয় কমিয়ে ভর্তুকি ও অনুন্নয়ন খাতে ব্যয় বাড়ানো হয়েছিল।

Nagad
Nagad

সে তুলনায় নতুন সরকারের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় ১৮ শতাংশ বড় হতে যাচ্ছে। যদিও অতীতে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বৃদ্ধি পেত।

অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং রাজস্ব আহরণের চ্যালেঞ্জের মধ্যেই নতুন সরকারকে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বাজেট বাস্তবায়নের পরীক্ষা দিতে হবে।