প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে তিনি একক প্রার্থী হওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হন। ফলে নতুন সভাপতি নির্ধারণে পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন দেশের সাবেক এই অধিনায়ক। এর আগে বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এদিকে বোর্ডের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনি পেয়েছেন ৬৬ ভোট।
আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আট মাসের ব্যবধানে এটি বিসিবির দ্বিতীয় নির্বাচন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়, যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
এর আগে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে নির্বাচন করে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।
ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।
নির্বাচিত পরিচালকদের মধ্যে তামিমের ৭৩ ভোটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।