Print

সারাদিন

পঞ্চমবারের মতো এশিয়ার সেরা ইউআইইউ মার্স রোভার টিম, ক্যাম্পাসে রাজকীয় বরণ

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

মঙ্গল গ্রহের পরিবেশে পরিচালিত বিশ্বের অন্যতম কঠিন রোবোটিক্স প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মার্স রোভার টিম অর্জন করেছে বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান। শুধু তাই নয়, টানা পঞ্চমবারের মতো এশিয়ার সেরা দল হওয়ার গৌরবও ধরে রেখেছে তারা।

যুক্তরাষ্ট্রের দ্য মার্স সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা গত ২৭ থেকে ৩০ মে ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয়। এ অর্জনের মধ্য দিয়ে টানা পাঁচ বছর, অর্থাৎ ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এশিয়ার সেরা রোভার দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখল ইউআইইউ।

শুধু তাই নয়, অন-সাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ২০ বছরের ইতিহাসে প্রথম এশীয় দল হিসেবে বিশ্বমঞ্চের পোডিয়ামে জায়গা করে নিয়েছে বাংলাদেশি এই দল। যা এশিয়ার রোবোটিক্স ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (৭জুন) ইউআইইউ স্থায়ী ক্যাম্পাসে এই ঐতিহাসিক অর্জন ও সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার জন্য প্রেস কনফারেন্সের আয়োজন করে ইআইইউ কতৃপক্ষ। এ সময় বিজয়ী টিমের সদস্যের নিয়ে পুরো জার্নির বিষয়টি তুলে ধরা হয়।

এর আগে, বিশ্বমঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনা ইউআইইউ মার্স রোভার টিমকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লালগালিচা সংবর্ধনা ও ফুলের পাপড়ি ছিটিয়ে বিশ্বজয়ী এই তরুণদের বরণ করে নেওয়া হয়। এ সময় তাদের অভিভাবকরাও সংবর্ধনায় অংশ নেন এবং সম্মানিত হন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও নৃত্যের মাধ্যমে বিজয়ীদের স্বাগত জানানো হয়। টিমের এই অসাধারণ সাফল্য উদযাপনে কেক কাটা হয়। পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন।

Nagad
Nagad

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার ইঞ্জি মো: আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড, এম রিজওয়ান খান, ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান এবং ইউআইইউ মার্স রোভার টিমের মেন্টর এবং ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবিদ হোসাইন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ইউআইইউ স্ট্রাটিজিক কমিউনিকেশন অফিসের পরিচালক আবু সাদাত।

এ সময় জানানো হয়- চার দিনব্যাপী চূড়ান্ত রাউন্ডে, নিজেদের তৈরি সক্ষমতা এবং পরিচালন দক্ষতা প্রদর্শনের জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এবং ইকুইপমেন্ট সার্ভিসিং এই চারটি মিশন সফলতার সঙ্গে অতিক্রম করতে হয়েছে। ইউআইইউ মার্স রোভার সফলভাবে চারটি মিশনই সম্পন্ন করেছে এবং গর্বের সাথে দেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে।

বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে, ইউআইইউ মার্স রোভার টিম মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬ প্রতিযোগীতায় সর্বমোট ৪০৪.৪৪ পয়েন্ট পেয়ে বিশ্বের শীর্ষ রোভার দলগুলোর মধ্যে ৩য় এবং এশীয়া দলগুলোর মধ্যে ১ম স্থান অর্জন করে। এছাড়াও প্রতিযোগিতার পোডিয়ামে স্থান পাওয়ার পাশাপাশি দলটি ‘বেস্ট অটোনামাস সিস্টেম’ স্বীকৃতি লাভকরেছে। চূড়ান্ত ফলাফলে যুক্তরাষ্ট্রের মিসৌরি ইউনিভার্সিটি অফ এস অ্যান্ড টি মার্স রোভার ডিজাইন টিম ৪৬৯.৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়ার মোনাশ নোভা রোভার ৪১২.৪১ পয়েন্ট পেয়ে ২য় স্থান এবং বাংলাদেশের ইউআইইউ মার্স রোভার টিম ৪০০.৪৪ পয়েন্ট পেয়ে ৩য় হওয়ার গৌরব অর্জন করে বলেও জানানো হয়।

এ সময় জানানো হয় ইউআরসি আয়োজনের ব্যাপকতা ও প্রতিযোগিতামূলক প্রকৃতি বিবেচনা করলে এই অর্জন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৬ প্রতিযোগীতায় প্রাথমিকভাবে সারা বিশ্ব থেকে মোট ১১৬টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। একটি কঠোর ও কয়েকটি পর্যায়ের মূল্যায়ন প্রক্রিয়ার পর, যুক্তরাষ্ট্রের ইউটাহ’তে অবস্থিত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশন (এমডিআরএস)-এ চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মাত্র ৩৮টি দলকে নির্বাচিত করা হয়। ইউআইইউ মার্স রোভার টিম শুধু বিশ্বের সেরা দলগুলোর মধ্যে যোগ্যতা অর্জনই করেনি, বরং শেষ পর্যন্ত বিশ্ব মঞ্চে নিজেদের শক্ত স্থান নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশে যেমন- যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ইতালি, জাপান, মেক্সিকো এবং তুরস্ক থেকে মোট ৩৮টি দল গ্র্যান্ড ফাইনালে অংশ গ্রহণ করে।

এই অর্জন বাংলাদেশ এবং এশিয়া উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। অন-সাইট ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ২০ বছরের ইতিহাসে ইউআইইউ মার্স রোভার টিম প্রথম এশীয় দল হিসেবে বিশ্বমঞ্চে মর্যাদাপূর্ণ পোডিয়ামে স্থান করে নিয়েছে, যা একটি দীর্ঘদিনের বাধা ভাঙ্গাসহ এই অঞ্চলে রোবোটিক্স ও মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি নতুন মানদন্ড স্থাপন করেছে একই সাথে প্রমান করে, বাংলাদেশ তথা এশিয়া থেকেও বিশ্বমানের রোবোটিক্স প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়া সম্ভব।

ইউআইইউ মার্স রোভার টিমের পরামর্শক হিসাবে ছিলেন ইউআইইউ স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র ডিন প্রফেসর ও হাসান সারওয়ার এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান ড. সুমন আহমেদ। টিমের মেন্টর হিসাবে ছিলেন ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স’র (সিএআইআর) ০৯ জন ছাত্র ছাত্রীদের একটি দল উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

এই প্রকল্পের টিম লিডা হিসেবে ছিলো শাইফ আল শাদ। অন্যান্যরা সিনিয়র কো লিডে মো. মোসফিকুর রহমান, কো-টিম লিডে শেখ সাকিব হোসেন, মেকানিক্যাল টিম লিডে সিয়াম ইবনে সারওয়ার, অটোনমাস টিম লিডে মো: সালমান কবির চৌধুরী, সায়েন্স টিম লিডে আয়েশা আক্তার সায়মা, কমিউনিকেশন টিম লিডে সাব্বির আহমেদ, মেকানিক্যাল টিম মেম্বার হিসাবে মোঃ মিমতিয়াজে ইসলাম হিমেল এবং কমিউনিকেশন টিম মেম্বার হিসাবে মোহাম্মদ তাম্মায় নেতৃত্ব দিয়েছে।

ইউআইইউ মার্স রোভার টিমের এই সাফল্য এর শিক্ষার্থী, পরামর্শদাতা, ফ্যাকাল্টি মেম্বর এবং সমর্থকদের সমর্থন, নিষ্ঠা, উদ্ভাবন এবং অধ্যবসায়ের প্রতিফলন। রোবোটিক্স, স্বায়ত্তশাসিত ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এমবেডেড সিস্টেম এবং মেকানিক্যাল ডিজাইনে উন্নত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দলটি বিশ্ব মঞ্চে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে বলেও জানানো হয়।