প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পরও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্য কোনো বিকল্প থাকবে না।
রোববার (৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমিই নিই, সিদ্ধান্ত তিনি (নেতানিয়াহু) নেন না।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও কূটনৈতিক সমাধানের বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ইরান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে দেশটির সেনাবাহিনীর দাবি, প্রথম ধাপের সব ক্ষেপণাস্ত্রই আকাশে প্রতিহত করা হয়েছে।
ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলেও ওয়াশিংটন এখনো কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় বলে ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
সূত্র: আল জাজিরা ।