প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
সোমবার (৮ জুন) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরান, তাবরিজ ও ইসফাহান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার (৭ জুন) রাতে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করেছে।
হামলার পর উত্তর ইসরায়েলের হাইফাসহ বিভিন্ন এলাকায় সতর্কসংকেত জারি করা হয়। সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা অবস্থা বজায় রাখা হয়েছে।
এদিকে ইরানের হামলার পর ইসরায়েল জবাবি হামলার হুঁশিয়ারি দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে সরকারের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন।
দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট একে ‘সত্যের মুহূর্ত’ বলে উল্লেখ করে বলেছেন, ইসরায়েলকে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে।
অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির কঠোর অবস্থান নিয়ে বলেন, ‘তেহরানকে অবশ্যই জ্বলতে হবে।’ তবে বিরোধী নেতা ইয়ার গোলান সরকারের যুদ্ধনীতি নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, সিএনএন