প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে চোট ও ফিটনেস সমস্যায় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। এ কারণে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
চোটের কারণে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তবে স্কালোনির মতে, শুধু বালের্দির পরিবর্তে নতুন একজন ডিফেন্ডার অন্তর্ভুক্ত করাই যথেষ্ট নাও হতে পারে। প্রয়োজন হলে দলের অন্য পজিশনেও পরিবর্তন আনা হতে পারে।
রোববার হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমাদের সব খেলোয়াড় শতভাগ ফিট নয়। দলে কেবল একজন সেন্ট্রাল ডিফেন্ডার যোগ করাই যথেষ্ট নাও হতে পারে। আমরা বিষয়টি নিয়ে ভাবছি।’
এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।