প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর উদ্যোগে নোবেল বিজয়ী অধ্যাপক ড. অ্যান ল’হুইলিয়ার-এর অংশগ্রহণে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) আয়োজিত এ ওয়েবিনারের শিরোনাম ছিল ‘দ্য ওয়ার্ল্ড অফ অ্যাটমস অ্যাট দ্য অ্যাটো-সেকেন্ড টাইম স্কেল’, যা ড. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের অংশ হিসেবে আয়োজন করা হয়।
ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাটমিক ফিজিক্সের অধ্যাপক ও নোবেল বিজয়ী ড. অ্যান ল’হুইলিয়ার। তিনি অ্যাটো-সেকেন্ড ফিজিক্সের উদীয়মান ক্ষেত্র নিয়ে ধারণা দেন এবং আল্ট্রাফাস্ট লাইট পালস ব্যবহার করে পরমাণু ও অণুর মধ্যে ইলেকট্রনের গতি পর্যবেক্ষণের বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে ২০০-এরও বেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে আয়োজকরা জানান।
এআইইউবির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
সমাপনী বক্তব্যে এআইইউবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, এই ধরনের লেকচার সিরিজ জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে।
আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক পদার্থবিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ের গবেষকের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পেয়েছেন।