Print

সারাদিন

বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণে কর ও শুল্ক ছাড়ের বড় ধরনের প্রস্তাব রাখা হচ্ছে। বিশেষ করে ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহন খাতে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, দেশে উৎপাদিত মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, টেলিভিশন, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে এসব পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক ও কর ছাড়ের সুবিধাও অব্যাহত রাখার চিন্তা করা হচ্ছে।

ফলে স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্যের দাম কমার পাশাপাশি বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২ ধরনের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব রয়েছে। এছাড়া কম্পিউটার, প্রিন্টার, ফ্ল্যাশ মেমোরি, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন ও কম্পিউটার মনিটর আমদানিতে অগ্রিম কর ২ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতেও বড় ধরনের প্রণোদনা থাকছে। সৌরবিদ্যুতের বিভিন্ন যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে ২০৩০ সাল পর্যন্ত শুল্ক অব্যাহতি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনে ২০৩৫ সাল পর্যন্ত করমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতেও কর ছাড় বাড়ানো হতে পারে।

এদিকে স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদনে কর রেয়াত দেওয়ার পাশাপাশি ১৮০০ সিসি পর্যন্ত নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। ইলেকট্রিক গাড়ির রেজিস্ট্রেশনে অগ্রিম আয়করও উল্লেখযোগ্য হারে কমানো হতে পারে।

Nagad
Nagad

আইসিটি খাতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের ওপর আরোপিত কর ও ভ্যাট সুবিধা পুনর্বিবেচনা। পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্প ও সেমিকন্ডাক্টর খাতের কাঁচামাল আমদানিতে কর ছাড়ের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত এসব সুবিধা বাস্তবায়িত হলে দেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিনিয়োগ বাড়বে, একই সঙ্গে সাধারণ ভোক্তারাও মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, এসি ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য তুলনামূলক কম দামে কিনতে পারবেন।