Print

সারাদিন

সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

ইউরোপে বৈধভাবে চাকরি ও অভিবাসনের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। ভুক্তভোগীদের সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে একপর্যায়ে শ্রীলঙ্কায় নিয়ে মাফিয়াদের হাতে তুলে দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।

গ্রেপ্তার হলেন-শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) ও জাহাঙ্গীর আলম (২৪)। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী রমজান হোসেন খাঁন ও তার শ্যালক ইউরোপে কর্মসংস্থানের আশায় ‘জাহরা সাদী টিকেটিং অ্যান্ড ট্রাভেলিং/জেএস এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারক চক্রটি জনপ্রতি ১৪ লাখ টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিটসহ ইতালি পাঠানোর আশ্বাস দেয়।

পরবর্তীতে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে মোট ৩১ লাখ ৫০ হাজার টাকা নেয় চক্রটি। প্রথমে তাদের ক্রোয়েশিয়া পাঠানোর কথা বলা হলেও তা সম্ভব না হওয়ায় পরে পর্তুগাল, এরপর নিউজিল্যান্ডের ভিসার প্রলোভন দেখানো হয়। তবে যাচাই-বাছাইয়ে নিউজিল্যান্ডের ভিসাটি ভুয়া বলে প্রমাণিত হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ভুক্তভোগীদের সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় পাঠানো হয়। সেখানে তাদের স্থানীয় মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তারা।

Nagad
Nagad

এ ঘটনায় গত ২৮ মে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী রমজান হোসেন খাঁন। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-৪ অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে মেজর শেখ আরমান হোসাইন হৃদয় বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে পাঠানোর নামে প্রতারণা করে আসছিলেন। চাকরি ও বৈধ অভিবাসনের প্রলোভন দেখিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।