প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশে হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) মারা যাওয়া তিনজনই শিশু। তারা ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ৮৬ দিনে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৯ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৯৮০ জন। এদের মধ্যে ৯৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ৮৬ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাব পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকা গ্রহণ, সংক্রমিত এলাকায় সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের পর্যবেক্ষণে রাখা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।