Print

সারাদিন

নাসির-তামিমার বিরুদ্ধে মামলার রায় বুধবার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

আলোচিত ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল বুধবার (১০ জুন) ঘোষণা করবেন আদালত।

আগের স্বামীকে তালাক না দিয়ে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে বিয়ের ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এ রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।

গত ৬ মে মামলাটিতে যুক্তি উপস্থাপন অনুষ্ঠিত হয়। ওইদিন বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। শুনানিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু তাদের নির্দোষ দাবি করে খালাসের প্রার্থনা জানান। শুনানিকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতে মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত এ মামলায় নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানা ও রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে অভিযোগ করা হয়, আগের বৈবাহিক সম্পর্ক বজায় থাকা অবস্থায় তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন, যা আইনগতভাবে অবৈধ।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা দায়ের করেন।

Nagad
Nagad