Print

সারাদিন

কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পরিচালিত এ হামলার পর কুয়েত ও বাহরাইনে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং বাহরাইনে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, বাহরাইনের একটি এবং কুয়েতের দুটি বিমানঘাঁটিসহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, আকাশসীমায় প্রবেশ করা একাধিক শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সক্রিয় রয়েছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে হরমুজ প্রণালিতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়।

Nagad
Nagad

তবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।