প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠছে আজ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে এই বিশ্বকাপ। যৌথভাবে আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে আগের চেয়ে ১৬টি বেশি দল। ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, যার মধ্যে সর্বোচ্চ ১১টি স্টেডিয়াম রয়েছে যুক্তরাষ্ট্রে।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।
বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন, ব্রাজিলের ষষ্ঠ শিরোপার স্বপ্ন, ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ এবং লিওনেল মেসির আরেকটি বিশ্বজয়ের অভিযানে নজর থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর।
এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লামিনে ইয়ামাল ও আরলিং হালান্ডের মতো তারকারা। অন্যদিকে কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, নেইমার, জুড বেলিংহ্যামদের পারফরম্যান্স নিয়েও রয়েছে ব্যাপক আগ্রহ।
নতুন ফরম্যাটের পাশাপাশি খেলায় আনা হয়েছে বেশ কিছু নিয়ম পরিবর্তনও। বদলি, সময়ক্ষেপণ, ভিডিও সহকারী রেফারি (ভিএআর) এবং শৃঙ্খলাজনিত বিষয়ে নতুন নির্দেশনা কার্যকর হবে এবারের বিশ্বকাপে।
মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই বিশ্বকাপের পর্দা নামবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে।
সবকিছু ছাপিয়ে ফুটবলপ্রেমীদের চোখ এখন মাঠের লড়াইয়ে। আগামী এক মাস বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ফুটবলের এই মহাযজ্ঞ।