প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
আগের সময়সীমা শিথিল করে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই নির্দেশনা আগামী ১২ জুন থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এর আগে গত ১ জুন থেকে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা দুই ঘণ্টা বাড়ানো হলো। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এছাড়া রাত ৯টার মধ্যে সব ধরনের বিলবোর্ডের আলো বন্ধ করতে হবে। একই সঙ্গে মেলা, বাণিজ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আশা করছে, নতুন সময়সীমা ব্যবসায়িক কার্যক্রম ও জনসাধারণের প্রয়োজনের মধ্যে সমন্বয় বজায় রাখতে সহায়ক হবে।