প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সারাদিন ডেস্ক
ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
বাজেট উপলক্ষে উত্থাপিত অর্থ বিলে আবগারি শুল্ক সংক্রান্ত কয়েকটি সংশোধনী আনা হয়েছে। বর্তমানে ব্যাংক হিসাবে ৩ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এ সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া একটি ঋণ (লোন) হিসাবের বিপরীতে শুধুমাত্র একবার আবগারি শুল্ক কাটার বিধানও রাখা হয়েছে।
অন্যদিকে জুয়েলারি সেবার ক্ষেত্রে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, সোনার অলংকার কেনার ক্ষেত্রে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট দিতে হবে।
সরকারের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে একদিকে ক্ষুদ্র আমানতকারীদের ওপর চাপ কমবে, অন্যদিকে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও সরলতা বৃদ্ধি পাবে।