Print

সারাদিন

বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণে স্টার্টআপ খাতের জন্য বড় ধরনের কর-সুবিধার প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করেন।

প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠানের স্থানীয় পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া স্টার্টআপ প্রতিষ্ঠান কর্তৃক সেবা আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট এবং অফিস বা স্থাপনা ভাড়া গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাটও সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এই ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন ২০৩৫ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। অঙ্কের দিক থেকে যা দেশের ইতিহাসের রেকর্ড। বাজেটে সরকারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে এবং ৩০ জুন বাজেট পাস করতে হবে।

Nagad
Nagad