প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুন ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এক ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) এ অর্জনের পথ আরও সুগম করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) অনুষ্ঠিত স্পেসএক্সের আইপিওতে বিপুল পরিমাণ বিনিয়োগ আসে। বিশ্লেষকদের মতে, এটি কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের উচ্চ আস্থার প্রতিফলন। আইপিওর আগে ফোর্বসের হিসাব অনুযায়ী, মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮০ বিলিয়ন ডলার।
ফোর্বস ওয়েলথের ডেপুটি এডিটর ম্যাট ডুরোট বলেন, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির সম্পদ যেখানে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কাছাকাছি, সেখানে মাস্কের সম্পদ তার তিন গুণেরও বেশি। তিনি উল্লেখ করেন, এর আগে কেবল ল্যারি এলিসনের সম্পদ ৪০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল।
বর্তমানে মাস্কের সম্পদের সবচেয়ে বড় অংশ রয়েছে স্পেসএক্সে। প্রতিষ্ঠানটিতে তার মালিকানাধীন শেয়ারের মূল্য প্রায় ৮৬৬ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।
ইলন মাস্ক প্রথমে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। পরে ২০২২ সালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার, বর্তমানে এক্স নামে পরিচিত প্ল্যাটফর্মটি, ৪৪ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করেন।
সমর্থকদের কাছে মাস্কের খোলামেলা ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব তার জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হলেও সমালোচকদের মতে, তার বিপুল অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিভিন্ন বিতর্কেরও জন্ম দিয়েছে।
তবে স্পেসএক্সের এই ঐতিহাসিক আইপিও আবারও প্রমাণ করেছে যে, বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনও মাস্কের ব্যবসায়িক উদ্যোগের ওপর আস্থা রাখছে। এর মধ্য দিয়ে সম্পদের দিক থেকে বিশ্বের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।
সূত্র: রয়টার্স