প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
দেশের ক্রীড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১০ জুন) রাজধানীতে এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তির আওতায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অফিসিয়াল শিক্ষা অংশীদার হিসেবে কাজ করবে এআইইউবি।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাদিয়া আনোয়ার এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, এআইইউবির অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ভলিবল খেলার প্রসারে নতুন সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ও শিক্ষার সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন মডেল গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
তাদের মতে, এ চুক্তি দেশের ক্রীড়া ও শিক্ষা খাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে এবং তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।