Print

সারাদিন

রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

সারাদিন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ঘড়ি নির্মাতা রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকা।

চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এর ধারণকালে শাকিব খানের হাতে তুলে দেওয়া হয় রোলেক্সের জনপ্রিয় মডেল ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ (রেফারেন্স ১২৬৭১৫সিএইচএনআর)। অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তার হাতে ঘড়িটি পরিয়ে দেন। এ সময় উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এমন চমকপ্রদ উপহার পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন, “এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা) পক্ষেই সম্ভব। জীবনে অনেক উপহার পেয়েছি, তবে টাকার অঙ্কের দিক থেকে এটি অন্যতম বড়। আর ভালোবাসার দিক থেকে এই উপহার আমার কাছে অমূল্য।”

শাকিব জানান, কিছুদিন আগে ঘনিষ্ঠ এক পরিচিতজনের সঙ্গে একটি রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছার কথা শেয়ার করেছিলেন। সেই তথ্য অনুষ্ঠান সংশ্লিষ্টদের কাছে পৌঁছানোর পরই বিশেষ এই আয়োজন করা হয়।

রোলেক্সের ‘জিএমটি-মাস্টার টু রুট বিয়ার’ মডেলটি ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে তৈরি। ঘড়িটির বডি ও ব্রেসলেট উভয়ই রোলেক্সের নিজস্ব গোল্ড অ্যালয় দ্বারা নির্মিত, যা দীর্ঘস্থায়ী উজ্জ্বলতা ও টেকসই মানের জন্য পরিচিত।

ঘড়িটির অন্যতম আকর্ষণ হলো কালো ও চকোলেট ব্রাউন রঙের দ্বি-রঙা সিরামিক বেজেল। এছাড়া এতে রয়েছে জিএমটি প্রযুক্তি, যার মাধ্যমে একই সঙ্গে একাধিক টাইম জোনের সময় দেখা যায়। আন্তর্জাতিক ভ্রমণকারী ও বিমানচালকদের কথা বিবেচনায় রেখে এই প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

Nagad
Nagad

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় ঘড়িটির অফিশিয়াল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার।

শাকিব খান জানিয়েছেন, বিশেষ এই উপহার তিনি তার ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষণ করে রাখবেন।

এর আগে একই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সোনার কলস উপহার দিয়ে আলোচনায় এসেছিল চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় এবার শাকিব খানকে দেওয়া বিলাসবহুল রোলেক্স ঘড়িও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর বিশেষ এই পর্বটি শিগগিরই সম্প্রচার করা হবে।