প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাংলাদেশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান ভারতীয় হাইকমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেন।
এর আগে রোববার সন্ধ্যায় ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমান পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে আটক করে। পরে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, আইওআরএ (ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন)-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে তার সফরের বিষয়টি আগেই কূটনৈতিক চ্যানেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” বলে উল্লেখ করেন এবং জানান, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও কূটনৈতিকভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।