Print

সারাদিন

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

সারাদিন ডেস্ক

পুঁজিবাজারে অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের মাধ্যমে সম্ভাব্য কারসাজির অভিযোগে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তদন্তের আওতায় আসা কোম্পানিগুলো হলো-রাষ্ট্রায়ত্ত শ্যামপুর সুগার মিলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড।

বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পৃথক চিঠিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বাজারে সম্ভাব্য কারসাজি, সমন্বিত বা কৃত্রিম লেনদেন, ইনসাইডার ট্রেডিং (ভেতরের তথ্য দিয়ে ব্যবসা) এবং মার্জিন ঋণ বিধি লঙ্ঘনসহ নানা অনিয়মের দিক খতিয়ে দেখতে বলা হয়েছে।

বিশেষভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ার লেনদেনের ক্ষেত্রে দুটি ব্রোকারেজ হাউসের ভূমিকা নিয়েও তদন্ত করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিদের (এআর) কার্যক্রমও কঠোরভাবে যাচাই করা হবে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর মাত্র এক মাসে প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকা শ্যামপুর সুগার মিলসের শেয়ারদরেও সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান দেখা গেছে। এছাড়া, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বাড়লেও কোম্পানিটির সাম্প্রতিক শেয়ার দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএসইর কাছ থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনের তথ্যের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nagad
Nagad

এ বিষয়ে বিএসইসির মুখপাত্র জানিয়েছেন, পুঁজিবাজারের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়ন্ত্রক সংস্থার এমন কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ আগামীতেও অব্যাহত থাকবে।