প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় টিকাদান কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই বার্তা দেন। এমপি মোস্তাফিজুর রহমান দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা উল্লেখ করে এর দায় এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হামের প্রাদুর্ভাবের কারণ, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের ওপর বিভিন্ন নীতিগত ও পরিচালনাগত বিষয়ের প্রভাব নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে।’
টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘এই প্রক্রিয়ায় কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধানমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রচলিত সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সম্পাদিত হয়ে থাকে। সরকার হামের প্রাদুর্ভাব রোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করাসহ মজুত ব্যবস্থাপনা জোরদার করছে।
তারেক রহমান আরও বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করা হয়েছে।
দেশে হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বর্তমানে সারাদেশে বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।