প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
সারাদিন ডেস্ক
ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে পর্তুগাল ও কঙ্গো। বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে দুই দল। একদিকে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর পর্তুগাল, অন্যদিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে আসা কঙ্গো।
বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় পর্তুগাল। ছয় ম্যাচে ২০ গোল করা দলটি এবারও অন্যতম ফেবারিট হিসেবে আসর শুরু করছে। বিশ্বকাপে ১৯৬৬ সালে তৃতীয় হওয়াই তাদের সেরা সাফল্য।
দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনও তার অধরা। তাই ক্যারিয়ারের শেষভাগে এসে এই আসর তার জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।
রোনালদোর পাশাপাশি পর্তুগালের দলে রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, রাফায়েল লেয়াও ও নুনো মেন্দেসের মতো তারকা ফুটবলাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি হেরেছে ইউরোপের দলটি।
অন্যদিকে, কঙ্গোর বিশ্বকাপে ফেরার গল্প দীর্ঘ অপেক্ষার। ১৯৭৪ সালে জাইর নামে বিশ্বকাপে অংশ নেওয়ার পর এবারই প্রথম তারা আবার ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিয়েছে। প্লে-অফে জয় পেয়েই মূল পর্বে খেলার সুযোগ নিশ্চিত করে দলটি।
কঙ্গোর আক্রমণভাগের প্রধান ভরসা ইয়োয়ানে উইসা। তার সঙ্গে রয়েছেন সেদ্রিক বাকাম্বু, মেশাক এলিয়া, শঁসেল এমবেম্বা ও অ্যারন ওয়ান-বিসাকার মতো অভিজ্ঞ ফুটবলার।
গ্রুপ ‘কে’-তে পর্তুগাল ও কঙ্গোর সঙ্গে রয়েছে কলম্বিয়া ও উজবেকিস্তান। ফলে নকআউট পর্বে যাওয়ার পথে প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট সংগ্রহ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কাগজে-কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে চমক দেখানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে কঙ্গো। তাই হিউস্টনের এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে।