প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও উত্তেজনা নিরসনের লক্ষ্যে করা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ভার্সাই প্রাসাদে চুক্তির নথিতে স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফারসি ভাষায় লেখা একটি নথি হাতে ধরে আছেন, যেখানে দুই দেশের শীর্ষ নেতার স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হয়।
প্রায় ৮০০ শব্দের ১৪ দফা সমঝোতা স্মারকে চলমান যুদ্ধবিরতি কার্যকর করা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
চুক্তি অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে সম্মত হয়েছে। বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলসহ বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
চুক্তির আওতায় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য দুই দেশ ধারাবাহিক আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমে আসার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। সূত্র: সিএনএন