প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের শিক্ষাব্যবস্থাকে মুখস্থনির্ভরতা থেকে বের করে দক্ষ, চিন্তাশীল ও পরিবেশ-সচেতন প্রজন্ম গড়ে তুলতে দেশব্যাপী একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে দেশজুড়ে শুরু হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কার্যক্রম। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষাঙ্গনে শুরু হচ্ছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি।
আগামী ২৮ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের নির্বাচিত সেরা ১০০টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে সারাদেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কার্যক্রম যুক্ত করবেন বলে জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ এবং ‘লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান এবং তরুণ উদ্যোক্তা তৈরির পথও খুলে দেবে।
তিনি আরও বলেন, জলবায়ু সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ নিচ্ছে। প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১২ জুন উপজেলা পর্যায়ের কার্যক্রম শেষে নির্বাচিত দলগুলো জেলা পর্যায়ে অংশ নেয়। সেখান থেকে বাছাইকৃত ১০০টি দল আগামী ২৭ জুন ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে।
পরদিন ২৮ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এর আওতায় আগামী পাঁচ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ কোটি দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিটি শিক্ষার্থীকে প্রতিবছর অন্তত একটি করে গাছ রোপণে যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
মাউশি জানায়, দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি শুরু হবে। উদ্বোধনের দিন প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত তিনটি করে গাছ রোপণ করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।