প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬
সারাদিন ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।
তিনি বলেন, সেশনজট কমাতে সরকার সিলেবাস সম্পন্ন হওয়ার পরপরই পাবলিক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং কার্যক্রম চলছে। আগামী ২৮ ও ২৯ জুন এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হবে।
তিনি জানান, ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কার্যক্রম প্রথমে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে, পরে তা অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।