প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
জার্মানির বিপক্ষে সাত গোল হজমের পর কুরাসাওকে নিয়ে খুব বেশি কিছু ভাবেননি অনেকে। তবে সেই ধাক্কা কাটিয়ে ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে দলটি। আর সেই প্রত্যাবর্তনের নায়ক গোলরক্ষক এলয় রুম। তার অসাধারণ দৃঢ়তায় দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে কুরাসাও।
রোববার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় ‘ই’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মুখোমুখি হয় ইকুয়েডর ও কুরাসাও। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ইকুয়েডর। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় লড়াই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইকুয়েডর। পুরো ম্যাচে তারা ২৯টি শট নেয়। কিন্তু প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান কুরাসাও গোলরক্ষক এলয় রুম। একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি হয়ে ওঠেন দলের রক্ষাকবচ।
এই ম্যাচে ১৫টি সেভ করেছেন রুম, যা বিশ্বকাপের একক কোনো ম্যাচে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেভের রেকর্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ইকুয়েডরকে।
অভিজ্ঞ ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও সফল হতে পারেননি। তার একাধিক শট দারুণ দক্ষতায় রুখে দেন রুম। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের চাপ আরও বাড়লেও কুরাসাওয়ের রক্ষণভাগ ছিল সংগঠিত ও আত্মবিশ্বাসী।
শুধু রক্ষণেই নয়, পাল্টা আক্রমণেও কয়েকবার ইকুয়েডরকে চাপে ফেলে কুরাসাও। তাহিথ চং ও জুনিনহো বাকুনার নেতৃত্বে কয়েকটি বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে দলটি। ম্যাচের এক পর্যায়ে বাকুনার জোরালো শট ইকুয়েডরের গোলরক্ষক হার্নান গালিন্দেস দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।
শেষ পর্যন্ত দুই দলের মরিয়া চেষ্টার পরও আর কোনো গোল হয়নি। ফলে ০-০ সমতায় মাঠ ছাড়ে ইকুয়েডর ও কুরাসাও।
এই ড্রয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের সমীকরণ কঠিন হয়ে গেছে। অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে নিজেদের ইতিহাসে প্রথম পয়েন্ট পেয়ে স্মরণীয় এক রাত কাটাল কুরাসাও।