প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ মিশন নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল জাপান। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তিউনিশিয়ার জালে চার গোল দিয়ে বড় জয় তুলে নিয়েছে এশিয়ার দলটি। এই হারে টানা দুই ম্যাচ হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তিউনিশিয়ার।
রোববার (২১ জুন) মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। ম্যাচের চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় তারা। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা।
প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে এশিয়ার প্রতিনিধিরা। ৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন।
এরপর ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন উয়েদা। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তিউনিশিয়াকে।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছেও বড় ব্যবধানে হেরেছিল তিউনিশিয়া। অন্যদিকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ ওঠার পথে বড় পদক্ষেপ রাখল জাপান।