প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি ভেজালবিরোধী তিন শতাধিক অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভেজাল, অনিয়ম ও অসাধু ব্যবসার বিরুদ্ধে অভিযানে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি পান।
এরপর ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে তিনবার পদোন্নতিতে বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।
এর আগে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। ওই ঘটনাকে অসদাচরণ হিসেবে গণ্য করে তৎকালীন সরকার তাকে ‘তিরস্কার’ শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংক্রান্ত বক্তব্য ও প্রশাসনিক কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তাকে প্রত্যাহার করা হলো।